ক্যানসারের সেই অন্ধকার রাতে মনে হয়েছিল, আর বাঁচব না: মনীষা কৈরালা

বলিউড (Bollywood) অভিনেত্রী মনীষা কৈরালা (Manisha Koirala) ২০১২ সালে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় চিকিৎসার জন্য নিউইয়র্কে (New York) গিয়ে অস্ত্রোপচার করান তিনি। এরপর দীর্ঘ সময় ধরে চলে কেমোথেরাপি। ২০১৩ সালের এপ্রিলে তার কেমোথেরাপির চিকিৎসা সম্পূর্ণ হয়। পরে চিকিৎসকেরা তাকে ক্যানসারমুক্ত ঘোষণা করেন। কিন্তু এই পুরো যাত্রার এক পর্যায়ে মনীষার মনে হয়েছিল, হয়তো তিনি আর বাঁচবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন অধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে নিজের ভয়, নিঃসঙ্গতা এবং উপলব্ধির কথা তুলে ধরেছেন অভিনেত্রী। মনীষা জানান, নেপালের (Nepal) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি প্রথম জানতে পারেন, তার ক্যানসার হয়েছে। আর সেই খবর জানার পরের রাতটি হয়ে উঠেছিল তার জীবনের অন্যতম অন্ধকার রাত।

সেই সময়ের কথা মনে করে মনীষা কৈরালা বলেন, রাতটি ছিল তার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ এবং দীর্ঘ রাতগুলোর একটি। তার মনে হচ্ছিল, তিনি যেন ধীরে ধীরে কোনো অন্ধকার জায়গার দিকে চলে যাচ্ছেন। এমনকি একসময় তার মনে হয়েছিল, তিনি মা’\রা যাবেন।

গুরুতর অসুস্থতার সময়ে একজন রোগী কতটা গভীর একাকিত্বের মধ্যে দিয়ে যেতে পারেন, নিজের অভিজ্ঞতা থেকেই তা উপলব্ধি করেছেন বলে জানান অভিনেত্রী। অসুস্থতা শুধু শরীরকেই নয়, মানুষের মানসিক জগতকেও কতটা বিচ্ছিন্ন করে দিতে পারে—সেই কঠিন অনুভূতির মধ্য দিয়ে তাকেও যেতে হয়েছিল।

ক্যানসারের সঙ্গে এই দীর্ঘ লড়াই মনীষাকে জীবন সম্পর্কে বহু কিছু শিখিয়েছে। তার উপলব্ধি হয়েছে, চারপাশে অসংখ্য মানুষ থাকলেও একজন মানুষ কখনো কখনো ভীষণ একা হয়ে পড়তে পারেন। এমনকি বলিউডের ঝলমলে পার্টিতে উপস্থিত থেকেও অনেক সময় তিনি নিজেকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলে জানিয়েছেন।

অসুস্থতার পর নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেন মনীষা। ক্যানসার থেকে ফিরে আসাকে তিনি জীবনের ‘দ্বিতীয় সুযোগ’ হিসেবেই দেখেন। আর সেই সুযোগ পাওয়ার পর থেকে নিজের মূল্যবোধের সঙ্গে মেলে না—এমন অনেক অপ্রয়োজনীয় বিষয় তিনি জীবন থেকে সরিয়ে দিয়েছেন।

এখন পরিবারের সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ। বড় পরিসরের পরিচিত মহলের বদলে ছোট কিন্তু অর্থপূর্ণ বন্ধুমহলকেই বেশি গুরুত্ব দেন তিনি। জীবনে কারা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ, অসুস্থতার সময় সেই বিষয়টিও নতুনভাবে বুঝতে পেরেছেন অভিনেত্রী।

নিজের স্বাস্থ্যের প্রতিও আগে খুব একটা যত্নশীল ছিলেন না বলে স্বীকার করেছেন মনীষা কৈরালা। কিন্তু জীবনকে দ্বিতীয়বার পাওয়ার অনুভূতি তার অগ্রাধিকারের তালিকাই বদলে দিয়েছে। এখন নিজের স্বাস্থ্যকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

এর পাশাপাশি প্রকৃতির সান্নিধ্য, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো এবং জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করাকেও নতুনভাবে মূল্য দিতে শিখেছেন তিনি। আগে যেসব বিষয় হয়তো সহজেই চোখ এড়িয়ে যেত, এখন সেগুলোর মধ্যেই জীবনের স্বাদ খুঁজে পান অভিনেত্রী।

বেঁচে থাকার জন্য কৃতজ্ঞ থাকাই এখন নিজের জীবনের অন্যতম মূল মন্ত্র করে নিতে চান মনীষা কৈরালা। কঠিন অসুস্থতা তাকে ভয় ও নিঃসঙ্গতার মুখোমুখি করলেও, সেই অভিজ্ঞতাই শেষ পর্যন্ত তাকে জীবন, সম্পর্ক, স্বাস্থ্য এবং নিজের মূল্যবোধকে নতুনভাবে চিনতে শিখিয়েছে।