ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান (Sadia Ayman) সাবলীল অভিনয় আর স্টাইলিশ লুকের কারণে প্রায়ই থাকেন আলোচনায়। তারকাদের প্রেম, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটক, ফিল্ম ও ওয়েব ফিল্মের মাধ্যমে আলোচনায় এলেও বর্তমানে এই অভিনেত্রীর কাজের ব্যস্ততা তুলনামূলকভাবে কিছুটা কমই চোখে পড়ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সাদিয়া আয়মান। তবে কোনো বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়ে বিতর্ক আরও বাড়ানোর পথে হাঁটতে চান না তিনি। বরং নিজের কাজ, পরিবার এবং মানসিক শান্তি রক্ষাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
গুঞ্জন প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। গুঞ্জন নিয়ে বলার কিছু নেই, থাকেও না। তবে কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে।’
কেন তিনি নিজের দিকের গল্প প্রকাশ্যে বলতে চান না, সেটিও ব্যাখ্যা করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না। আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব। এ রকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’
ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন সাদিয়া। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি—আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ… আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন। আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা আসলে পরক্ষণেই চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যখন সঠিক সময় হবে, যা হবে সব।’
অহেতুক বিতর্কে নিজের সময় ও শক্তি ব্যয় না করে কাজ, পরিবার এবং মানসিক স্বাস্থ্যের দিকেই বেশি মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। তার ভাষায়, এখনই সব গল্প প্রকাশ করার সময় আসেনি। তিনি বলেন, ‘আমার মনে হয় এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরও ভ্যালু অ্যাড করবে।’
সাদিয়া আয়মান মনে করেন, অপ্রয়োজনীয় বিষয়ে নিজেরঅভিনেত্রী এনার্জি নষ্ট করার কোনো অর্থ নেই। শুটিংয়ের কাজের পাশাপাশি পরিবার, নিজের পোষা বিড়ালের যত্ন এবং নিজের জীবন নিয়েই তাকে ভাবতে হয়। আর সবকিছুর মধ্যে নিজের মানসিক স্বাস্থ্যকে তিনি বিশেষ গুরুত্ব দেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া—আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়। আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না।’


