এপস্টেইনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রোপিক সিইওর স্ত্রী কামী ক্লার্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও প্রধান উপদেষ্টা কামী ক্লার্ক একসময় দণ্ডিত যৌন অপরাধী ও উদ্যোক্তা জেফরি এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন এবং সম্প্রতি ফাঁস হওয়া এপস্টেইন ফাইলের ইমেইল তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের মার্চে সাহিত্য প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে কামী ক্লার্কের পরিচয় হয়। উল্লেখ্য, ২০০৮ সালে নাবালিকা যৌন নিপীড়ন এবং পতিতাবৃত্তিতে প্ররোচনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন।

ব্রকম্যান তাদের এক নৈশভোজে একত্রিত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর পরপরই কামী এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন নারীদের উপযোগী একটি ‘বিপ্লবী পর্ন কোম্পানি’ এবং প্রথম চারটি চলচ্চিত্রের চিত্রনাট্য পাঠিয়ে ওই প্রকল্পে বিনিয়োগের অনুরোধ জানান তিনি।

তবে এপস্টেইন সেই প্রস্তাবে সাড়া দেননি। একটি ইমেইলে তিনি জানান, এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান না। পরবর্তীতে এই প্রকল্পে এপস্টেইন কোনো অর্থায়ন করেছিলেন—এমন প্রমাণও পাওয়া যায়নি।

কে এই কামী ক্লার্ক?

কামী ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রোপিকে কর্মরত নন। তবে প্রতিষ্ঠানটির সিইও এবং তার স্বামী দারিও আমোদেইয়ের অন্যতম প্রভাবশালী নেপথ্য উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সম্মেলন কিংবা সান ভ্যালির অ্যালেন অ্যান্ড কোম্পানির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে আমোদেইয়ের সঙ্গে ক্লার্ককে নিয়মিত সক্রিয় দেখা যায়।

সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এও আমোদেই অন্য কোনো সহকর্মীকে সঙ্গে না নিয়ে স্ত্রী কামী ক্লার্ককে নিয়ে অংশ নেন।

১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাদায় জন্ম নেওয়া কামী ক্লার্ক ২০১৪ সালের দিকে গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিটের সঙ্গে ডেট করছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি দারিও আমোদেইকে বিয়ে করেন। ২০১৬ সালে আমোদেই ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময়ও কামী তার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন।

২০১৮ সালে কামীর মাধ্যমেই দারিও আমোদেইয়ের সঙ্গে এরিক শ্মিটের বৈঠক হয়। পরবর্তীতে এই যোগাযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

২০২০ সালের শেষের দিকে আমোদেই ওপেনএআই ছেড়ে অ্যানথ্রোপিক গঠন করেন। এরপর এরিক শ্মিট প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী হয়ে ওঠেন। ২০২১ সালের মে মাসে অ্যানথ্রোপিকের ১২ কোটি ৪০ লাখ ডলারের ‘সিরিজ এ’ ফান্ডিং রাউন্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।