ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে হিরো আলমের ঘোষণা, দীর্ঘ পোস্টে যা বললেন শাহরিয়ার নাজিম জয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম (Hero Alom)। তার এই ঘোষণার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় (Shahriar Nazim Joy)।

হিরো আলমের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও জনসমক্ষে নিজের ইচ্ছার কথা প্রকাশের বিষয়টি নিয়ে স্ট্যাটাসে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন জয়। তিনি লিখেছেন, ‘তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি। এই যে উনার চাওয়া পাওয়াগুলো এগুলো হয়তো অনেক মানুষের ভেতরেই কাজ করে। কিন্তু উনার ভেতরে সেন্সরশিপ নেই। উনার মনের ইচ্ছাগুলো উনি জনসম্মুখে বলেন আর এগুলো নিউজ হয়।’

জয়ের ভাষ্য অনুযায়ী, হিরো আলমকে ঘিরে প্রকাশিত এসব খবরের বড় একটি অংশই তাকে নিয়ে হাসাহাসির উপলক্ষ তৈরি করে। নিজের আগের একটি উপলব্ধির কথাও তুলে ধরেন তিনি। জয় লেখেন, ‘নিউজগুলো করাই হয় ওনাকে নিয়ে হাসাহাসি করার জন্য। আমি উপলব্ধি করে লিখেছিলাম ফাইনালি কোনো মানুষ তার যোগ্যতার চেয়ে বেশি মূল্যায়িত কখনো হয় না। হিরো আলম ও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন। দেশব্যাপী। অভিনেতা বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নয়। একজন জাতীয় হাসির পাত্র হিসেবে।’

সেখানেই থামেননি শাহরিয়ার নাজিম জয়। হিরো আলমকে খোঁচা দিয়ে তিনি আরও লিখেছেন, ‘তবে বেচারির দুর্ভাগ্য এই জায়গাতেও তার এক নাম্বার পজিশনটি স্থায়ী হচ্ছে না। মামুন লায়লা থেকে শুরু করে মোস্তাক তিশা কিংবা অগণিত হাসির পাত্র তার ঘাড়ের উপর নিশ্বাস নিচ্ছে।’

দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে পোস্টের শেষাংশেও নিজের ব্যঙ্গাত্মক সুর বজায় রাখেন জয়। তিনি লেখেন, ‘এদেশে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। কেউ চো’\র হতে চাইলেও এক নম্বর হওয়া কঠিন। সাধু হতে চাইলেও একই।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরেই মূলত শাহরিয়ার নাজিম জয়ের এই দীর্ঘ প্রতিক্রিয়া। সেখানে হিরো আলমের প্রকাশ্য আকাঙ্ক্ষা, তাকে ঘিরে সংবাদ ও সামাজিক আলোচনার ধরন এবং জনপরিসরে তাকে মূল্যায়নের বিষয়গুলো ব্যঙ্গ ও কটাক্ষের ভাষায় তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা জয়।