বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে এ বিষয়ে ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রামদেব এ মন্তব্য করেন। তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে রামদেব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।
পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হয়েছেন।
তিনি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে।’
এরপর ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে রামদেব বলেন, ‘একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়েও কথা বলেন রামদেব। এ প্রসঙ্গে হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগকে তিনি মূলত ‘রাজনৈতিক বক্তব্যের অংশ’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটেছে, অন্তত ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান—কোনও ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’
রামদেব আরও বলেন, তিনি চান ভারত বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত হোক এবং ভারতীয় নাগরিকরা বিশ্বের সেরা নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হোক।
ভারতের অর্থনীতি নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান তিনি। তার ভাষায়, ‘আমি চাই ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হোক, রুপির মূল্য অন্তত ডলার ও পাউন্ডের সমান হোক এবং ভারতীয় পাসপোর্ট এত শক্তিশালী হোক যে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়।’


