এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও বিতর্কের কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার নাম জড়ানোর গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে স্ত্রী সুনীতা আহুজার ‘সুগার ড্যাডি’ মন্তব্য ঘিরেও বলিপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে গোবিন্দর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বলিউডের একসময়ের অভিনেত্রী সোমি আলী।
কম বয়সি সহশিল্পীর সঙ্গে গোবিন্দর অভিনয় করা প্রসঙ্গে সোমি আলী বলেন, ‘কম বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধায় গোবিন্দর তো কোনো দোষ নেই। চিচি (গোবিন্দ) ও সুনীতা—উভয়ের প্রতিই আমি শ্রদ্ধাশীল।’
তিনি আরও বলেন, কম বয়সি অভিনেত্রীর সঙ্গে কোনো অভিনেতার কাজ করার সিদ্ধান্তকে শুধু বয়সের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। কারণ প্রতিভার কোনো এক্সপায়ারি ডেট হয় না।
এর আগে বিমানবন্দরে অভিনেত্রী কোমল রানির সঙ্গে ক্যামেরাবন্দি হন বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে চর্চা জোরালো হয়। গোবিন্দর সঙ্গে কোমল রানির ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।
এই বিতর্কের মধ্যেই গোবিন্দকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে তার স্ত্রী সুনীতা আহুজা বলেন, গোবিন্দর মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।
সুনীতা আহুজার এমন বক্তব্যের পর বলিপাড়ায় নতুন করে তোলপাড় সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মধ্যে তৈরি হয় নানা আলোচনা ও সমালোচনা। গোবিন্দর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার মধ্যেই এবার তার পাশে দাঁড়ালেন সোমি আলী।
গোবিন্দর সঙ্গে তোলা পুরোনো কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সোমি আলী। সেই পোস্টে নিজের অবস্থানও স্পষ্ট করেন তিনি।
সোমি আলী লিখেছেন, ‘আমি ইচ্ছাকৃতভাবেই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো তুলে ধরলাম। কারণ অন্য কেউ হয়তো এ কথাগুলো বলবে না। গোবিন্দকে আমি ব্যক্তিগত ও পেশাগত—দুভাবেই চিনি। তাই দুদিক বিচার করেই তার সম্পর্কে বলতে পারি।’
গোবিন্দর প্রতিভার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘গোবিন্দ হিন্দি সিনেদুনিয়ার অন্যতম সেরা প্রতিভা। এ ইন্ডাস্ট্রিতে থাকাকালীন যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের মধ্যে অন্যতম বিনয়ী অভিনেতা গোবিন্দ।’
ফলে গোবিন্দকে ঘিরে চলমান ব্যক্তিগত জীবনকেন্দ্রিক আলোচনা ও বিতর্কের মধ্যেই সোমি আলীর এই প্রকাশ্য সমর্থন নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে কম বয়সি অভিনেত্রীর সঙ্গে কাজ করা নিয়ে বয়সকে মাপকাঠি না করার তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


