সরকারি খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

সরকারি কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের দক্ষ করে গড়ে তোলাও জরুরি। এ লক্ষ্যেই সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়া অনুসরণ করে কর্মীদের বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃ’ত্যুর ঘটনায় জড়িত দালালচক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। নিহতদের পরিবারের করা মামলার আসামি এবং সংশ্লিষ্ট চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন মন্ত্রী।

অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনাও দেন তিনি। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত প্রচারণার মাধ্যমে মানুষকে দালালদের বিষয়ে সতর্ক করার কথা বলেন আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, সাগরপথে যারা মৃ’ত্যুবরণ করেছেন এবং যারা এভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রাপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান তিনি। পরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।