বাংলাদেশে ঢুকে কয়েকজন কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় কৃষকদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে তারা সরে যায়। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
বিজিবি জানায়, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে তাদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যান। খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
তিনি বলেন, ‘বিএসএফের সঙ্গে কথা হয়েছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক হলে পরে বিস্তারিত জানানো হবে।’

