মক্কায় দাঁড়িয়ে দেশ ও তরুণদের জন্য রাখি সাওয়ান্তের প্রার্থনা, বললেন দায়িত্ববোধের কথাও

বলিউডের আইটেম গানে পারফর্ম করা খোলামেলা ও স্পষ্টবাদী মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) সম্প্রতি আধ্যাত্মিক সফরে মক্কা (Mecca) গিয়েছিলেন। পবিত্র এই ভূমিতে দাঁড়িয়ে নিজের জীবনের পাশাপাশি দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য প্রার্থনা করেছেন তিনি। তার সেই প্রার্থনা ও বার্তায় উঠে এসেছে শিক্ষা, কর্মসংস্থান, সততা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধের মতো বিষয়।

রাখির প্রার্থনায় দেশের নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান—একাধিক প্রসঙ্গ স্থান পেয়েছে। একই সঙ্গে যারা দেশের মানুষকে ভুল পথে চালিত করেন, তাদের হাত থেকেও দেশকে রক্ষা করার জন্য প্রার্থনা করেছেন এই অভিনেত্রী।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুধু তরুণদের সাফল্য কিংবা নতুন সুযোগ সৃষ্টি নিয়েই নয়, তাদের সম্মান ও মর্যাদা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাখি সাওয়ান্ত। কোনো তরুণ-তরুণী যেন অপমান বা হেনস্তার শিকার না হন—এমন কামনাও করেছেন তিনি। এ সময় সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার প্রসঙ্গও উঠে আসে তার কথায়।

রাখি বলেন, ‘হে আল্লাহ, আমার দেশকে রক্ষা কর। দেশের মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে রক্ষা কর।’

দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও প্রার্থনা করেছেন অভিনেত্রী। তরুণদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক এবং তাদের শিক্ষার সুযোগ আরও বাড়ুক—এমনটাই কামনা করেছেন তিনি।

দেশের রাজনৈতিক নেতাদের জন্যও প্রার্থনা করতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। তার আবেদন, দেশের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যেন সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন এবং সেই দায়িত্বের প্রতি সৎ থাকেন।

এ সময় একটি কিশোরের আইফোন (iPhone) কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে তিন সদস্যের একটি পরিবারের আ’\ত্মহ’\ত্যার ঘটনার কথাও উল্লেখ করেন রাখি। ওই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন ঘটনা যেন আর কখনো না ঘটে। দামি কোনো জিনিসের জন্য বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি না করে তরুণদের নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত।

অভিনেত্রীর ভাষায়, আইফোন হোক কিংবা অন্য কোনো চাহিদা—সেটির জন্য যেন কেউ বাবা-মাকে কষ্ট না দেন। বরং নিজের উপার্জনের মাধ্যমে নিজের জীবন গড়ে তোলার চেষ্টা করতে হবে।

এর আগে নিজের ধর্মীয় পরিচয় নিয়েও কথা বলেছেন রাখি সাওয়ান্ত। তিনি জানিয়েছিলেন, জন্মসূত্রে তিনি হিন্দু। পরে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে মুসলমান। তবে একই সঙ্গে সব ধর্মকেই সম্মান করেন বলেও একাধিকবার জানিয়েছেন এই অভিনেত্রী।