ভারতের বক্স অফিসে ‘টক্সিক’-এর ঝড়, প্রথম দিনেই আয় ১১৭ কোটি রুপি

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ ভারতের বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই দুর্দান্ত সূচনা করেছে। ভারতীয় বক্স অফিস বিশ্লেষণভিত্তিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই সিনেমাটি প্রায় ১১৭ কোটি রুপি আয় করেছে।

ভারতে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমার তালিকায় ‘টক্সিক’ এখন ষষ্ঠ অবস্থানে রয়েছে। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রিভিউ শোর আয়ও যদি হিসাবের মধ্যে ধরা হয়, তাহলে এই মাইলফলক স্পর্শ করা সিনেমার তালিকায় ‘টক্সিক’ সপ্তম হিসেবে বিবেচিত হবে।

উত্তর ও দক্ষিণ—ভারতের দুই অঞ্চলেই সিনেমাটি শক্তিশালী সূচনা করেছে। বড় বাজেটের সিনেমার প্রথম দিনের আয়ে সাধারণত তেলেগু রাজ্যগুলোর উল্লেখযোগ্য ভূমিকা থাকে। বিভিন্ন বেনিফিট শো এবং টিকিটের মূল্যবৃদ্ধির কারণে সেখান থেকে বড় অঙ্কের আয়ও আসে। কিন্তু ‘টক্সিক’-এর ক্ষেত্রে তেলেগু রাজ্যগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই দেশজুড়ে এমন সাফল্য এসেছে।

কর্ণাটকে নতুন রেকর্ড

সিনেমাটির সবচেয়ে বড় চমক এসেছে যশের নিজ রাজ্য কর্ণাটকে। প্রথম দিনেই সেখানে প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘টক্সিক’। এর মাধ্যমে কর্ণাটকে প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

এর আগে যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ কর্ণাটকে প্রথম দিনে ২৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে এই রেকর্ড ধরে রেখেছিল। এবার সেই রেকর্ড পেরিয়ে গেল ‘টক্সিক’।

দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রথম দিনে প্রায় ১৮ কোটি রুপি আয় করেছে এটি। তামিলনাড়ু ও কেরালাতেও সিনেমাটির ব্যবসা ছিল সন্তোষজনক। বিশেষ করে স্থানীয় সিনেমার সঙ্গে প্রতিযোগিতার মধ্যেও কেরালায় ‘টক্সিক’ ভালো সাড়া পেয়েছে।

হিন্দি সংস্করণে বড় চমক

তবে সিনেমাটির প্রথম দিনের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স এসেছে হিন্দি সংস্করণে। শুধু হিন্দি ভার্সন থেকেই প্রথম দিনে প্রায় ৫৩ কোটি রুপি আয় করেছে ‘টক্সিক’। দক্ষিণ ভারতে হিন্দি সংস্করণের তুলনামূলক সীমিত অবদান বিবেচনায় নিলে প্রকৃত আয় প্রায় ৬০ কোটি রুপির কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বক্স অফিসের এই পরিসংখ্যান ঘিরে কিছু অসামঞ্জস্যের কথাও উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব হিসাব সিনেমাটির সংগ্রহে বাইরের কোনো ধরনের প্রভাব থাকার ইঙ্গিত দিচ্ছে। তারপরও এসব বিষয় বিবেচনায় নিয়েও প্রথম দিনের আয়কে অসাধারণ বলেই দেখা হচ্ছে।

এই দুর্দান্ত সূচনার মধ্য দিয়ে ভারতের শীর্ষ তারকাদের কাতারে নিজের অবস্থান আরও শক্ত করেছেন যশ। কিন্তু প্রথম দিনের সাফল্যের পরই সিনেমাটির সামনে শুরু হচ্ছে আরও বড় পরীক্ষা।

নেতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিনের আয় নিয়ে শঙ্কা

মুক্তির পর দর্শকদের কাছ থেকে ‘টক্সিক’ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এর প্রভাব পড়েছে সাপ্তাহিক ছুটির আগাম টিকিট বিক্রিতেও। আগের দিন অগ্রিম বুকিং বেশ দুর্বল ছিল, যদিও পরবর্তী সময়ে সেখানে কিছুটা উন্নতি দেখা গেছে।

এ কারণে দ্বিতীয় দিনে সিনেমাটির আয় কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর সপ্তাহান্তে ‘টক্সিক’ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।

কারণ সিনেমাটি অত্যন্ত ব্যয়বহুল নির্মাণ। এর পরিবেশকদের বড় একটি অংশের সঙ্গে অগ্রিম অর্থের ভিত্তিতে চুক্তি হয়েছে। একই সঙ্গে বক্স অফিস আয়ের পাশাপাশি নন-থিয়েট্রিক্যাল স্বত্বের চুক্তিও ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। ফলে শেষ পর্যন্ত সিনেমাটির বাণিজ্যিক সাফল্য বা ব্যর্থতার বড় ধরনের ঝুঁকি প্রযোজকদের ওপরই রয়েছে।