বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা (Badshah) ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি (Isha Rikhi)। কয়েক সপ্তাহ ধরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার মধ্যেই এবার বিচ্ছেদের বিষয়টি নিজেরাই নিশ্চিত করলেন এই জুটি।
সোমবার (৩১ আগস্ট) রাতে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি প্রকাশ করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন বাদশা ও ইশা। এর আগে চলতি বছরের মার্চ মাসে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হলেও এতদিন বিষয়টি নিয়ে সরাসরি কোনো ঘোষণা আসেনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করা বিবৃতিতে বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি।’
একই বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা-কল্পনা না করার জন্য আমরা সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এনডিটিভি (NDTV) সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাস থেকেই বাদশা ও ইশা রিখির সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়াতে শুরু করে। সে সময় ইশা বাদশা ও নিজের বেশ কয়েকটি ছবি ও ভিডিও মিলিয়ে একটি কোলাজ পোস্ট করেছিলেন। সেই পোস্টের ভাষা ও ব্যবহৃত ইমোজিই অনুরাগীদের মধ্যে নতুন করে নানা প্রশ্নের জন্ম দেয়।
কোলাজটির ক্যাপশনে ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজি দিয়ে ইশা লিখেছিলেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই একটি আশা। তার এমন পোস্টের পরপরই অনুরাগী ও নেটিজেনদের একাংশের মনে তাদের বিবাহিত জীবন নিয়ে সন্দেহ তৈরি হয়। অনেকেই তখন ধারণা করতে শুরু করেন, দাম্পত্য সম্পর্কে হয়তো সবকিছু ঠিকঠাক চলছে না।
সেই জল্পনা আরও বাড়ে যখন ইশার মা পুনম রিখি কর্মফল নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করতে শুরু করেন। তার পোস্টগুলোকেও বাদশা ও ইশার সম্পর্কের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেছিলেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। যদিও তখনও দুজনের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের বিষয়ে কোনো বক্তব্য দেননি।
এর আগে গত জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে বাদশার সঙ্গে নিজের বিয়ের খবর প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ইশা রিখি। তার সেই স্বীকারোক্তির কয়েক মাসের মধ্যেই এবার সামনে এলো তাদের আলাদা হয়ে যাওয়ার ঘোষণা।
এদিকে সালমান খান (Salman Khan) সঞ্চালিত আসন্ন বিগ বস ২০ (Bigg Boss 20)-এর প্রতিযোগী হিসেবে ইশা রিখির অংশ নেওয়ার জোর গুঞ্জন চলছে। সেই আলোচনার মধ্যেই তার ব্যক্তিগত জীবনের এই বড় পরিবর্তনের খবর প্রকাশ্যে এলো। ফলে বিনোদন অঙ্গনে বাদশা-ইশার সম্পর্কের সমাপ্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মসিহ (Jasmine Masih)-কে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এবং পরে বিচ্ছেদ চূড়ান্ত হয়।
বাদশা ও জেসমিনের সংসারে জেসেমি গ্রেস মসিহ সিং নামে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রথম দাম্পত্যের সমাপ্তির পর ইশা রিখির সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন বাদশা। তবে সেই সম্পর্কও বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণায় এসে থামল।


