সম্পদ কমায় ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

সম্পদের মূল্য কিছুটা কমে যাওয়ায় এবার ফোর্বস সাময়িকীর সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

২০১৮ সালে প্রথমবার এই তালিকায় জায়গা পাওয়ার পর থেকে টানা প্রতি বছরই তালিকায় ছিলেন তিনি। তবে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়লেও বিশ্বের শতকোটিপতিদের তালিকায় এখনও তার নাম রয়েছে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২৪ ও ২০২৫—গত দুই বছর আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলারে অপরিবর্তিত ছিল। কিন্তু ২০২৬ সালের হিসাবে তার সম্পদ ১০ কোটি ডলার কমে ১০০ কোটি ডলারে নেমে এসেছে। আর এই সামান্য পতনের ফলেই সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে গেছেন তিনি। এর আগে গত বছর ৪৯তম অবস্থানে ছিলেন আজিজ খান।

সিঙ্গাপুরে বহু বছর ধরে বসবাস করা আজিজ খান বর্তমানে দেশটির নাগরিক। সিঙ্গাপুরের আইনে একই সঙ্গে দুটি দেশের নাগরিকত্ব রাখার সুযোগ না থাকায় তাকে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হয়েছে। তবে নাগরিকত্ব পরিবর্তন হলেও তার ব্যবসায়িক কর্মকাণ্ডের মূল কেন্দ্র বাংলাদেশেই রয়েছে। বিদ্যুৎ, বন্দর, ইন্টারনেট ও আবাসন খাতে সামিট গ্রুপের প্রধান ব্যবসাগুলো বাংলাদেশেই পরিচালিত হচ্ছে।

এদিকে ২০২৬ সালের নতুন তালিকায় বিপুল সম্পদের অধিকারী হয়ে সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ধরে রেখেছেন মেটার সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। তার সম্পদের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি ডলার।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন খেক লেং বেং ও তার পরিবার। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ হাজার ৬১০ কোটি ডলার। আর ১ হাজার ৪৩০ কোটি ডলারের সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি।