বড় পর্দায় ‘মির্জাপুর’, মুক্তির প্রথম দিনেই প্রায় ২৫ কোটি রুপি আয়

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার হাজির হয়েছে বড় পর্দায়। প্রায় সাত বছর পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি। প্রথম দিনেই এর আয় দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি।

পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই সিনেমাটি বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার ও দিল্লির দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। শুধু দিনের পরের শোগুলো নয়, সকালের প্রদর্শনীতেও প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি দেখা গেছে।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘মির্জাপুর: দ্য মুভি’ মোট ১১ হাজার ১৩৫টি শোতে প্রদর্শিত হয়েছে। এসব প্রদর্শনীতে গড়ে আসন পূর্ণতার হার ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহও বাড়তে থাকে। সকালের শোগুলোতে আসন পূর্ণতার হার ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ। বিকেলের প্রদর্শনীতে তা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ১৫ শতাংশে। সন্ধ্যার শোগুলোতে এই হার আরও কিছুটা বেড়ে হয় ৪১ দশমিক ৮৫ শতাংশ।

তবে দিনের সবচেয়ে বড় সাড়া মিলেছে রাতের শোগুলোতে। ওই সময় প্রেক্ষাগৃহের আসন পূর্ণতার হার পৌঁছে যায় ৬২ দশমিক ৩৮ শতাংশে। অর্থাৎ সময় গড়ানোর সঙ্গে সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও স্পষ্ট হয়ে ওঠে।

প্রথম দিনের আয়ের হিসাবে ২০২৬ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ‘মির্জাপুর: দ্য মুভি’।

মুক্তির আগেই বাণিজ্য বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, সিনেমাটি প্রথম দিনে ১৮ থেকে ২০ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সেই পূর্বাভাসকে আরও ওপরে নিয়ে গেছে।

বর্তমান গতি অব্যাহত থাকলে প্রথম দিনের আয় ২৫ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে ‘সাইয়ারা’র ২২ কোটি রুপি এবং ‘আওরাপন ২’-এর ২১ কোটি ৫০ লাখ রুপির প্রথম দিনের আয়কে পেছনে ফেলবে ‘মির্জাপুর: দ্য মুভি’।

বলিউডে বড় তারকানির্ভর সিনেমা ছাড়া এমন শক্তিশালী উদ্বোধনী আয় খুব একটা দেখা যায় না। ফলে ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় আসা ‘মির্জাপুর’-এর জন্য প্রথম দিনের এই ব্যবসা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে।

অ্যামাজন এমজিএম স্টুডিওস ও এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং। এর চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণা।

সিনেমাটির প্রযোজনায় রয়েছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু শর্মা।

প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়াতেও ইতিবাচক সুর পাওয়া গেছে। বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় প্রশংসিত হয়েছে। আলী ফজলকেও তার অন্যতম সেরা অভিনয় উপহার দিতে দেখা গেছে বলে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে। দিব্যেন্দু শর্মার অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) তথ্য অনুযায়ী, ‘মির্জাপুর: দ্য মুভি’র দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৯ সেকেন্ড।

‘মির্জাপুর’ সিরিজে সংলাপ, সহিংসতা ও রক্তাক্ত দৃশ্য বরাবরই আলোচনার বিষয় ছিল। বড় পর্দার সংস্করণেও এসব উপাদান থাকায় সিনেমাটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে।