ইতালির মেস্ত্রেতে আজমেরী হক বাঁধনের ওপর হা’মলা, ফেসবুক লাইভে অভিযোগ

ইতালির মেস্ত্রে (Mestre) শহরে অবস্থানরত অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)-এর ওপর হা’মলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের (Awami League) প্রবাসী কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি এসে তাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেন। তার শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয়, এতে তিনি পুরোপুরি ভিজে যান।

সে সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাও ছিল বলে জানান বাঁধন। তিনি বলেন, “তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আ’\ঘাত করেছে।”

হা’মলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলেছে জানিয়ে বাঁধন বলেন, “তারা বলেছে—আমি জুলাই যোদ্ধা। ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।”

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতেও বলা হয়। বাঁধন বলেন, “তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।”

ঘটনার পর তাদের আচরণের সমালোচনা করে বাঁধন আরও বলেন, “আমি বলব, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন—এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।”