ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বাঁধনের ওপর হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধনের ওপর হামলার খবরের একটি ভিডিও শেয়ার করে স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি ঘটনাটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং হামলার সঙ্গে জড়িতদের কঠোর ভাষায় সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির এই ক্ষুব্ধ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে। নেটিজেন ও তার ভক্ত-অনুরাগীরাও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নারী শিল্পীর প্রতি এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কড়া প্রতিবাদ প্রকাশ করছেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে সম্প্রতি একটি পার্কে পরিবারের সদস্যদের সামনেই একদল ব্যক্তির হামলা ও হেনস্তার শিকার হন আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, হামলাকারীরা তার ওপর কোল্ড ড্রিংকস ও ডিম ছুড়ে মারে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনাটি সামনে আসার পর থেকেই বাংলাদেশে বিনোদন অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনার নিন্দা জানাচ্ছেন। এর মধ্যেই পরীমণির তীব্র ভাষার প্রতিবাদও আলোচনায় এসেছে।
বাঁধনকে ঘিরে ইতালির ভেনিসে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে নারী শিল্পীর নিরাপত্তা, মতপ্রকাশ এবং বিদেশের মাটিতে বাংলাদেশি শিল্পীদের সঙ্গে আচরণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।


