সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর যাত্রা শুরু হয়েছে রোববার (৬ সেপ্টেম্বর)। এবারের আসরে বিগ বসের ঘরে প্রবেশ করেছেন ১৬ প্রতিযোগী। প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক প্রতিযোগী। তিনি আরিশফা খান।
ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মাধ্যমে বিশাল ফ্যানবেজ তৈরি করা আরিশফা ‘বিগ বস ২০’-এর অন্যতম বড় ডিজিটাল তারকা হিসেবে আলোচনায় এসেছেন। শুরুতে এই রিয়েলিটি শোতে অংশ নিতে আগ্রহী ছিলেন না তিনি। তবে পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে বিগ বসের ঘরে প্রবেশ করেন এই তরুণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরিশফার জনপ্রিয়তার পরিসরটিও বেশ বড়। বর্তমানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা প্রায় ২ কোটি ৯১ লাখ। তুলনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ১ কোটি ৩৯ লাখ এবং জাহ্নবী কাপুরের প্রায় ২ কোটি ৬৭ লাখ।
শুধু বলিউড তারকাদের সঙ্গেই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকাদের সঙ্গেও ফলোয়ারের সংখ্যায় আরিশফার ব্যবধান বেশ উল্লেখযোগ্য। ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় ২ কোটি ৭৯ লাখ। অন্যদিকে ‘বাহুবলি’খ্যাত প্রভাসের ফলোয়ার প্রায় ১ কোটি ৩৯ লাখ। অর্থাৎ ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যার বিচারে আরিশফা তাদেরও ছাড়িয়ে গেছেন।
ডিজিটাল দুনিয়ায় আরিশফার জনপ্রিয়তার পেছনে রয়েছে তার নিয়মিত কনটেন্ট প্রকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মূলত ‘গ্রেট রেডি উইথ মি’ বা GRWM ভিডিও, ভ্রমণভিত্তিক ভ্লগ, ট্রেন্ডিং ভিডিও এবং বিভিন্ন ধরনের লাইফস্টাইল কনটেন্ট প্রকাশ করেন। এসব কনটেন্টের মাধ্যমে ধীরে ধীরে বড় একটি অনলাইন দর্শকগোষ্ঠী তৈরি করেছেন তিনি।
তবে আরিশফার জনপ্রিয়তার ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, এখনো বড় কোনো থিয়েট্রিক্যাল সিনেমায় অভিনয় করেননি তিনি। বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে নয়, বরং টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টের পথ ধরেই এত বড় অনলাইন দর্শকগোষ্ঠী গড়ে তুলেছেন আরিশফা। সেই কারণেই ‘বিগ বস ২০’-এ তার অংশগ্রহণকে ডিজিটাল তারকার উপস্থিতির দিক থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দর্শকদের একাংশ।
এবারের ‘বিগ বস’-এর থিম রাখা হয়েছে ‘বরদান’। এই থিমকে ঘিরে ‘বিগ বস’ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক প্রতিযোগীর হাতে থাকবে দুটি জীবন। অর্থাৎ এলিমিনেশনের মুখে নিজেদের বাঁচানোর জন্য প্রত্যেকের কাছে অতিরিক্ত একটি সুযোগ থাকবে। ফলে এবারের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, সেটিও হয়ে উঠতে পারে আলোচনার বিষয়।
শুধু নিয়মকানুনেই নয়, এবারের বিগ বসের বাড়িতেও এসেছে আলাদা আয়োজন। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ভাবনায় সাজানো হয়েছে বিগ বসের বাড়ি। নতুন থিম, নতুন সাজসজ্জা আর ১৬ প্রতিযোগীকে ঘিরে শুরু হয়েছে এবারের যাত্রা।
এরই মধ্যে প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং দ্বন্দ্বের আভাস পাওয়ার তথ্যও প্রকাশ্যে এসেছে। ফলে শুরুর পর্বেই আরিশফা খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আগ্রহের পাশাপাশি বিগ বসের ঘরের সম্পর্ক, দ্বন্দ্ব ও প্রতিযোগিতার গতিপথ নিয়েও দর্শকদের কৌতূহল বাড়ছে।


