পরীমনির বায়োপিকে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চান দীঘি

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি (Prarthana Fardin Dighi)-র রুপালি পর্দায় পথচলা শুরু সেই শৈশবেই। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর খুব অল্প বয়সেই দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে তার পর্দার পরিচয়। এখন নায়িকা হিসেবেই নিয়মিত কাজ করে যাচ্ছেন দীঘি।

এরই মধ্যে কয়েকটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়জীবনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। নায়িকা হিসেবে দীঘির অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ বেশ কয়েকটি কাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নতুন এক আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন দীঘি। অভিনেত্রী পরীমনি (Pori Moni)-র বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে চান তিনি। তবে এমন একটি চরিত্রে কাজ করা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন অভিনেত্রী। দীঘির মতে, পরীমনির জীবন নিয়ে বায়োপিক হলে সেটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হবে।

পরীমনির বায়োপিকে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়ার পেছনের কারণও জানিয়েছেন দীঘি। তিনি বলেন, কোনো একটি অনুষ্ঠানে পরীমনি বলেছিলেন, ‘তার বায়োপিকে তিনি নিজেই অভিনয় করবেন। কারণ অন্য কেউ পারবে না।’

পরীমনির সেই বক্তব্যকেই এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দীঘি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টি চ্যালেঞ্জ হিসাবেই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার মনে হয় তার বায়োপিক যদি হয়, তাহলে এটি দারুণ একটি এন্টারটেইমেন্ট বায়োপিক হবে।’

অর্থাৎ, পরীমনির নিজের বায়োপিকে অন্য কেউ অভিনয় করতে পারবেন না—এমন মন্তব্যই দীঘির মধ্যে কাজটি করার আগ্রহ তৈরি করেছে। সুযোগ পেলে সেই চ্যালেঞ্জ নিয়ে পর্দায় পরীমনির জীবন তুলে ধরতে চান তিনি।

এদিকে প্রার্থনা ফারদিন দীঘির নতুন সিনেমার কাজও রয়েছে মুক্তির অপেক্ষায়। তার অভিনীত ‘বিদায়’ (Biday) সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয় (Mehedi Hasan Hridoy)।