একসময় পপির জন্মদিন মানেই ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা, ভক্তদের আনাগোনা, বাসায় কেক-ফুল আর ফ্যান ক্লাবের নানা আয়োজন—সব মিলিয়ে দিনটি হয়ে উঠত তারকাখ্যাতির যেন আরেকটি প্রদর্শনী। কখনো আবার শুটিং সেটেও কেটেছে জন্মদিন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে জীবনও। রুপালি পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকা সাদিকা পারভীন পপির এবারের জন্মদিন কাটছে অনেকটাই নীরবে। অভিনেত্রীর ভাষায়, এখন আর আগের মতো আয়োজন নেই; দিনটি কাটবে ‘একদম সাদামাটা’ভাবে।
তবে এই নীরবতার মধ্যেও রয়েছে ভিন্ন এক আয়োজন। জন্মদিন উপলক্ষে কয়েকটি এতিমখানায় কোরআন খতম ও খাবারের ব্যবস্থা করে থাকেন পপি। তাই উৎসবের জৌলুসের বদলে তাঁর কাছে জন্মদিনের অর্থ এখন যেন প্রার্থনা, পরিবার এবং জীবনের হিসাবনিকাশে ফিরে যাওয়ার সঙ্গে বেশি জড়িয়ে আছে।
সেই হিসাবনিকাশের প্রসঙ্গেই পপি তুলে ধরেছেন তাঁর জীবনের অন্যতম তিক্ত উপলব্ধি। পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, কিন্তু নিজের ভিত্তি শক্ত না করে সবকিছু বিলিয়ে দেওয়া ঠিক নয়—এখন এমনটাই মনে করেন তিনি। অভিনেত্রীর ভাষ্যমতে, একসময় ভেবেছিলেন সবাই তাঁর, পরে দেখেছেন ‘কেউই আর আমার নেই’। এই একটি বাক্যের মধ্যেই যেন ধরা পড়ে গত কয়েক বছরে পপির জীবন কীভাবে বদলে গেছে।
আড়ালে যাওয়ার আগে যে নায়িকার জীবন ছিল আলোয় ভরা
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এরপর একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
একটা সময় নিয়মিত সিনেমায় অভিনয়, শুটিং, পুরস্কার, প্রচারণা আর দর্শকের ভালোবাসায় ব্যস্ত থাকা এই অভিনেত্রী হঠাৎ করেই নিজেকে গুটিয়ে নেন। প্রায় পাঁচ বছর ধরে তাঁকে নিয়মিতভাবে মিডিয়ার সামনে দেখা যায়নি।
এই আড়ালকে ঘিরে তখন নানা গুঞ্জন ছড়ালেও পরে সামনে আসে তাঁর ব্যক্তিজীবনের তথ্য। জানা যায়, পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে এবং তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সংসার ও সন্তানকে ঘিরেই তাঁর জীবন অনেকটা আবর্তিত হচ্ছে।
পারিবারিক বিরোধেই ভাঙল দীর্ঘ নীরবতা
পপির দীর্ঘ নীরবতা ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ। খুলনায় বাবার সম্পত্তি নিয়ে মা ও ভাই-বোনদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তাঁর ছোট বোনের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে বিষয়টি আলোচনায় আসে। সেখানে পপির বিরুদ্ধে জমি দখল ও পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ওঠে।
অন্যদিকে পপি এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি কারও সম্পত্তি দখল করতে যাননি; বরং নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে বাবার ও চাচার কাছ থেকে সম্পত্তি কিনেছেন। তাঁর বক্তব্য, তাঁর নিজের সম্পত্তিই পরিবারের সদস্যরা ভোগদখল করছেন এবং তাঁকে নিজের জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে।
বিরোধটি শুধু জমিজমায় সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থ এবং পারিবারিক সম্পর্কের পুরোনো হিসাবও। পপি অভিযোগ করেছেন, তাঁর উপার্জনের বড় একটি অংশ পরিবার নিয়েছে। এমনকি তাঁর কয়েক কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তিনি। বিপরীতে তাঁর মা ও বোন এসব অভিযোগ অস্বীকার করে পপির বিরুদ্ধেই সম্পত্তি দখলের অভিযোগ তুলেছেন।
‘বেইমানি’ থেকে যে নতুন উপলব্ধি
পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসার পর ২০২৫ সালে একটি ভিডিও বার্তায় পপি বলেছিলেন, জীবনের সব পারিশ্রমিক দিয়ে যাদের মানুষ করেছেন, তারাই তাঁর সঙ্গে বেইমানি করেছেন। তাঁর অভিযোগ ছিল, পরিবারের স্বার্থে দীর্ঘদিন অনেক কিছু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিবারই তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে।
সেই অভিজ্ঞতার প্রতিফলনই যেন এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে পপির কথায়। ‘নিজের ভিত্তি শক্ত না করে’ সবকিছু বিলিয়ে না দেওয়ার যে উপলব্ধির কথা তিনি বলেছেন, সেটি নিছক কোনো সাধারণ জীবনদর্শন নয়। তাঁর সাম্প্রতিক ব্যক্তিজীবনের ঘটনাগুলোর সঙ্গে এই উপলব্ধির একটি স্পষ্ট যোগ রয়েছে।
‘পাপ’ বিতর্কেও নতুন করে আলোচনায়
সম্প্রতি পপির একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্যকে ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়। একটি ফটোকার্ডে তাঁর বক্তব্যের অংশবিশেষ ছড়িয়ে পড়ে, যেখানে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয় যেন তিনি চলচ্চিত্রে অভিনয় করাকে ‘পাপ’ হিসেবে উল্লেখ করেছেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। এমনকি তাঁর সাবেক সহকর্মীদের কেউ কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
পরে পপি স্পষ্ট করে বলেন, তিনি কখনোই সিনেমাকে পাপ বলেননি। তাঁর দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। চলচ্চিত্র তাঁর পেশা, তাঁর দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই তিনি উপার্জন করেছেন, পরিবার চালিয়েছেন এবং পেয়েছেন যশ, সম্মান ও দর্শকের ভালোবাসা। তাই সিনেমা বা চলচ্চিত্রশিল্পকে খারাপ বলার প্রশ্নই আসে না বলে জানান তিনি।
এমনকি অভিনয়ে পুরোপুরি ইতি টেনেছেন—এমন কথাও তিনি বলেননি। সম্প্রতি প্রযোজনায় কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন পপি। অভিনয়ে ফিরবেন কি না, তা নিশ্চিত না হলেও চলচ্চিত্রের সঙ্গে তাঁর সম্পর্ক যে পুরোপুরি শেষ হয়ে যায়নি, সাম্প্রতিক বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।
ফিরে আসবেন কি সেই পপি?
পপির ক্যারিয়ার এখন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সন্ধিক্ষণে। একদিকে রয়েছে অতীতের ঝলমলে তারকাজীবন, অসংখ্য সিনেমা, দর্শকের ভালোবাসা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি। অন্যদিকে রয়েছে দীর্ঘ নীরবতা, সংসার, সন্তান, পারিবারিক বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে একের পর এক বিতর্ক।
তবু চলচ্চিত্রকে পুরোপুরি অস্বীকার করেননি পপি। বরং বলেছেন, জীবনের প্রয়োজনে আজ দূরে থাকলেও ফেলে আসা দিনগুলো তিনি ভীষণ মিস করেন।
তাই এবারের জন্মদিনে পপির গল্পটা কেবল একজন নায়িকার জন্মদিনের গল্প নয়। এটি এমন একজন তারকার গল্প, যিনি একসময় জন্মদিনের উৎসবে হাজারো মানুষের ভালোবাসা পেয়েছেন, পরে নিজেই বেছে নিয়েছেন নীরবতা। যিনি পরিবারের জন্য নিজের সাফল্য বিলিয়ে দেওয়ার কথা বলেন, আবার সেই পরিবারের সঙ্গেই জড়িয়ে পড়েছেন তীব্র বিরোধে। যাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে, আবার তিনিই সামনে এসে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
জীবনের এই অধ্যায়ে এসে পপির সবচেয়ে বড় চাওয়া হয়তো আর আলোচনার কেন্দ্রে থাকা নয়। বরং নিজের ভাষায়—শান্তি, সংসার, সন্তান আর নিজের মতো করে বেঁচে থাকা।


