ভেনিসে বড় স্বীকৃতি পেল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

‘আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’

বাংলাদেশের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ এক অর্জন হিসেবে দেখা হচ্ছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাওয়া স্বীকৃতিকে। এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হয়েছে সিনেমাটি।

ক্যারিয়ারের চতুর্থ সিনেমা দিয়েই ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া নির্মাতা রুবাইয়াতের জন্য এই পথ মোটেও সহজ ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে বাছাই করে উৎসবের বিভিন্ন বিভাগে সিনেমাগুলো নির্বাচন করা হয়। সেই কঠিন বাছাই প্রক্রিয়া পেরিয়ে এবার মূল পুরস্কার ঘোষণার আগেই বড় ধরনের স্বীকৃতি পেল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে অফিসিয়াল শাখাগুলোর পুরস্কার ঘোষণা করা হবে। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য সামনে আরও একটি বড় স্বীকৃতির সম্ভাবনা থাকছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে ভেনিসে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসার পর এবার টরন্টোতেও সিনেমাটির যাত্রা অব্যাহত থাকছে।