প্রিন্সেস ডায়ানা (Princess Diana)-র বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার উঠছে নিলামে। ১৯৯৪ সালে তাঁর তৎকালীন স্বামী প্রিন্স চার্লসের পরকীয়ার কথা প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পর লন্ডনের এক অনুষ্ঠানে কালো সিল্কের কাঁধখোলা পোশাকটি পরে হাজির হয়েছিলেন ডায়ানা। সেই উপস্থিতি পরবর্তী সময়ে জনপ্রিয় সংস্কৃতির অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবিজ (Sotheby’s) জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর পোশাকটি নিলামে তোলা হবে। প্রতিষ্ঠানটির ধারণা, বহুল আলোচিত এই পোশাকের দাম সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। ১৯৯৭ সালের পর এবারই প্রথম পোশাকটি নিলামে আসছে।
বিবিসি (BBC)-র প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৪ সালের সেই রাতে লন্ডনের সার্পেন্টাইন গ্যালারি (Serpentine Gallery)-তে আয়োজিত একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডায়ানা। একই দিন প্রচারিত একটি তথ্যচিত্রে তৎকালীন প্রিন্স অব ওয়েলস এবং বর্তমানে রাজা তৃতীয় চার্লস (King Charles III) স্বীকার করেন, তিনি ডায়ানার প্রতি অবিশ্বস্ত ছিলেন।
তবে সেই সাক্ষাৎকারের বিষয়বস্তু কয়েক দিন আগেই ফাঁস হয়ে গিয়েছিল। ফলে ওই অনুষ্ঠানে ডায়ানার উপস্থিতিকে অনেকেই তাঁর পক্ষ থেকে দেওয়া এক ধরনের প্রকাশ্য জবাব হিসেবে দেখেছিলেন। বিশেষ করে তাঁর পোশাক ও উপস্থিতির ধরন সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ডায়ানার তৎকালীন স্টাইলিস্ট আনা হার্ভের ভাষ্য অনুযায়ী, সেদিন ডায়ানা “দেখতে যেন এক মিলিয়ন ডলারের মতো” আকর্ষণীয় হতে চেয়েছিলেন। এমনকি অনুষ্ঠানে যাওয়ার ঠিক আগে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলে ফেলার সিদ্ধান্তও নেন তিনি।
প্রথমে ভ্যালেন্টিনোর একটি গাউন পরার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাদ দেন ডায়ানা। তার বদলে বেছে নেন গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান (Christina Stambolian)-এর তৈরি কালো কাঁধখোলা পোশাকটি। অসমান নিচের অংশ এবং শিফনের ঝুল থাকা সেই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন রাজকীয় নেকলেস, কালো ক্লাচ ও হাই হিল।
সোথবিজের গ্লোবাল হেড অব হ্যান্ডব্যাগস অ্যান্ড ফ্যাশন মর্গান হালিমির মতে, ডায়ানা বুঝতেন—ফ্যাশনও একটি শক্তিশালী ভাষা হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন এক সময়ে নিজের পোশাকের মাধ্যমে ডায়ানা নিজের গল্পের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে তুলে নিয়েছিলেন, যখন অন্যরা তাঁর হয়ে সেই গল্প বলছিল।


