প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট, বিজ্ঞান-ইতিহাসভিত্তিক কনটেন্টের দাবি

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কেবলমাত্র প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) জনস্বার্থে এ রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, দেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে কেবলমাত্র প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের অবাধ সম্প্রচার সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। মূলধারার এসব গণমাধ্যমে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার এবং ধর্ষণের মতো বিষয়গুলোকে অত্যন্ত স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনকারীর দাবি, এ ধরনের কনটেন্টের প্রভাবে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা এবং ক্যারিয়ার থেকে মারাত্মকভাবে বিচ্যুত হচ্ছে। একই সঙ্গে সমাজের ঐতিহ্যবাহী নৈতিক কাঠামো ভেঙে পড়ে চরম সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বলেও রিটে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রিটে শুধু প্রেমভিত্তিক কনটেন্ট নির্মাণ ও সম্প্রচার নিষিদ্ধ করার আবেদনই করা হয়নি। যুবসমাজের সৃজনশীল মেধার বিকাশ এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক চলচ্চিত্র এবং নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্টদের প্রতি বাধ্যতামূলক নির্দেশনা জারিরও আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট একই বিষয়ে প্রতিকার চেয়ে বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু ওই নোটিশের পরও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান জানান, নোটিশের পর কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় জনস্বার্থে এবং জাতীয় সংস্কৃতি রক্ষার লক্ষ্যে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়েছে।