টম-জেন্ডায়ার বিয়ে নিয়ে নতুন দাবি, ‘তারা আনুষ্ঠানিকভাবে বিবাহিত নন’

‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড ও জেন্ডায়ার বিয়ে নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাদের কথিত বিয়ের ছবিগুলোও কম আলোচনা তৈরি করেনি। এর মধ্যেই সেই জল্পনায় নতুন মোড় এনেছেন জেন্ডায়ার স্টাইলিস্ট ল’ রোচ।

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ল’ রোচ দাবি করেন, টম হল্যান্ড ও জেন্ডায়া এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। তার ভাষায়, ‘তারা আনুষ্ঠানিকভাবে বিবাহিত নন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে টম ও জেন্ডায়ার বিয়ের ছবি হিসেবে যেসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, সেগুলোকেও ভুয়া বলে দাবি করেন ল’ রোচ। তবে একই সঙ্গে মজার ছলে তিনি বলেন, ‘জেন্ডায়া অনেক দিন ধরেই টম হল্যান্ডের স্ত্রী।’

গত জানুয়ারি থেকেই এই দুই তারকার বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়। গোল্ডেন গ্লোবসের লালগালিচায় ল’ রোচ নিজেই জানিয়েছিলেন, টম ও জেন্ডায়ার বিয়ে ‘ইতোমধ্যেই হয়ে গেছে’ এবং বিষয়টি ‘সত্যি’। তার সেই মন্তব্যের পর থেকেই হল্যান্ড-জেন্ডায়ার বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে জেন্ডায়াকে বিয়ের পোশাকে দেখা যায়—এমন বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ছবিগুলোর অনেকগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

বিষয়টি নিয়ে চলতি বছরের মার্চে জিমি কিমেলের অনুষ্ঠানে মুখ খুলেছিলেন জেন্ডায়া। তিনি জানান, বাস্তবে বাইরে বের হওয়ার পর অনেকেই তাকে বিয়ের ছবির জন্য অভিনন্দন জানাচ্ছিলেন। অথচ ছবিগুলো ছিল এআই দিয়ে তৈরি। এমনকি তার কাছের অনেক মানুষও সেসব ছবি দেখে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় তাদের কেউ কেউ মন খারাপও করেছিলেন বলে জানান জেন্ডায়া।

এআই দিয়ে তৈরি বিয়ের ছবি নিয়ে টম হল্যান্ডও বিষয়টিকে বেশ মজারভাবে নিয়েছিলেন। পরিবারের সদস্যদের আলাদা করে কোনো বার্তা পাঠিয়ে বিষয়টি জানাতে হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘না, কারণ তারা সবাই সেখানে ছিল।’

তবে নিজেদের বিয়ে নিয়ে এর বেশি কিছু জানাননি হল্যান্ড। বরং এ প্রসঙ্গে তিনি জেন্ডায়ার প্রশংসাই করেছেন।

টম হল্যান্ড ও জেন্ডায়া এখন পর্যন্ত একসঙ্গে চারটি ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এর বাইরে ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ‘দ্য অডিসি’তেও একসঙ্গে দেখা গেছে এই তারকা জুটিকে।