হাউস অব লর্ডসে শপথ নিলেন সাদিক খান, পেলেন ‘লর্ড খান অব টুটিং’ উপাধি

যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। এর মধ্য দিয়ে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি পেয়েছেন। উচ্চকক্ষে যোগ দেওয়ার পরও লন্ডনের স্বার্থে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বর্তমানে লন্ডনের মেয়র হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন সাদিক খান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লেবার পার্টির আরেক নতুন সদস্য লর্ড রবার্তো নেরির সঙ্গে তিনিও হাউস অব লর্ডসে শপথ নেন। পরিবারের সদস্য এবং লেবার পার্টির কয়েকজন এমপির উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যে টুটিং এলাকায় সাদিক খানের জন্ম এবং যেখান থেকে তিনি ১১ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই টুটিংয়েরই লর্ড বা পিয়ার হলেন তিনি। রাজনীতিতে প্রবেশের আগে মানবাধিকার আইন নিয়ে কাজ করতেন সাদিক খান। পরে গর্ডন ব্রাউনের সরকারের মন্ত্রী এবং পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন সাদিক খান। ২০০০ সালে লন্ডনের বর্তমান মেয়র ব্যবস্থা চালু হওয়ার পর থেকে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন।

তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র। করোনা মহামারি এবং সন্ত্রাসী হামলার মতো কঠিন সময়েও তিনি লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি নাইট উপাধিতেও ভূষিত হন।

হাউস অব লর্ডসের সদস্য হওয়ার পর সাদিক খান এই উপাধিকে নিজের জন্য বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও এর রাজধানী লন্ডন তাকে সাধারণ একটি জীবন থেকে শহরটির মেয়র হওয়ার সুযোগ দিয়েছে।

মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে প্রাথমিক বিদ্যালয়ের সব শিশুর জন্য বিনামূল্যে খাবার নিশ্চিত করা, লন্ডনের বায়ু পরিষ্কার করা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

সাদিক খান বলেন, সবার জন্য আরও সুন্দর, নিরাপদ ও সবুজ লন্ডন গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যেতে চান। হাউস অব লর্ডসে যোগ দেওয়ার পরও রাজধানীটির স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মেয়র পদ ছাড়তে হচ্ছে না

হাউস অব লর্ডসের সদস্য হলেও সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। বিদ্যমান নিয়ম অনুযায়ী একই সময়ে মেয়র এবং হাউস অব লর্ডসের সদস্য—দুই দায়িত্বই পালন করা সম্ভব।

সাদিক খানের বর্তমান মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তবে তিনি চতুর্থ মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি।

তবে হাউস অব লর্ডসে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। অতীতে সাদিক খান নিজেই হাউস অব লর্ডসের প্রথা বিলুপ্ত করার পক্ষে কথা বলেছিলেন। এখন নিজেই এই উচ্চকক্ষের সদস্য হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সমালোচনা সত্ত্বেও হাউস অব লর্ডসে ‘লর্ড খান অব টুটিং’ হিসেবে তার প্রবেশ ব্রিটিশ রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। একই সঙ্গে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখে উচ্চকক্ষ থেকেও রাজধানীর স্বার্থে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।