সুরিয়া-জ্যোতিকার দাম্পত্যের দুই দশক, ফের বিয়ের শপথে ভালোবাসার উদযাপন

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকার দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফের ‘বিয়ে’ করলেন তারা। চার্চে ফাদারের সামনে নতুন করে বিয়ের শপথ পাঠ করেন সুরিয়া ও জ্যোতিকা। আয়োজনটির নাম দিয়েছেন ‘দ্য সিক্যুয়েল’। পুরো আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন দুজনই।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জ্যোতিকা লেখেন, ‘আমাদের ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর উপলক্ষে বিয়ের শপথ হালনাগাদ করে নিলাম। না, এটা কোনো পারফেক্ট বিয়ের উদযাপন নয়। অনেক অসঙ্গতি, অনেকটা মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ, নিঃস্বার্থভাবে একে-অপরকে ভালোবাসার উদযাপন এটা।’

জ্যোতিকা জানান, এই সম্পর্ক একসময় তার কাছে কল্পনার মতোই ছিল। অথচ সেই কল্পনার রাজ্যেই এখন তিনি বসবাস করছেন এবং জীবনের বাকি সময়ও সেখানেই থাকতে চান।

সুরিয়া ও জ্যোতিকার দুই দশকের এই সম্পর্কের উদযাপন মুগ্ধ করেছে নেট দুনিয়াকে। মুগ্ধ হয়েছেন তারকারাও। তাদের শুভেচ্ছা জানিয়েছেন মাধবন, কাজল আগারওয়াল, রাশি খান্না, জেনেলিয়া দেশমুখ ও সোনাক্ষী সিনহাসহ আরও অনেকে।

প্রকাশের মাত্র ১৯ ঘণ্টার মধ্যেই ‘পুনর্বিবাহ’-এর ভিডিওটির ভিউ ৬ কোটি ১০ লাখ ছাড়িয়ে যায়। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৫ লাখের বেশি মানুষ। ভক্তদের অনেকেই দম্পতির দীর্ঘ পথচলা এবং ভালোবাসার এই উদযাপনকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।

সুরিয়া ও জ্যোতিকার প্রথম পরিচয় ১৯৯৯ সালে। বসন্ত পরিচালিত ‘পুভেল্লাম কেট্টুপ্পা’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গভীর হয়। একসময় সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কাখা কাখা’ সিনেমায় কাজ করার সময়ই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় বলে জানা যায়। তিন বছর পর, ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

তাদের দাম্পত্য জীবনের সঙ্গে সিনেমারও রয়েছে মজার এক যোগসূত্র। বিয়ের মাত্র তিন দিন আগে, ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সুরিয়া ও জ্যোতিকার অভিনীত ‘সিল্লুনু ওরু কাধাল’। সিনেমাটিতে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন।

দুই দশকের সংসারে এই দম্পতির দুই সন্তান—দিয়া ও দেব। সন্তানদের নিয়ে পারিবারিক জীবন কাটানোর পাশাপাশি অভিনয়ের বাইরেও একসঙ্গে কাজ করছেন সুরিয়া ও জ্যোতিকা। বর্তমানে তারা যৌথভাবে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত।