আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway)। আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিন অর্থাৎ ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের যাত্রার টিকিট।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পর্যায়ক্রমে অন্যান্য দিনের টিকিটও বিক্রি করা হবে। ১৪ মার্চের টিকিট পাওয়া যাবে ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বচ্ছ রাখতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকছে না। যাত্রীদের টিকিট ক্রয় আরও সহজলভ্য ও সময়ভিত্তিকভাবে বণ্টনের লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
রেলওয়ের এই ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্তে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ কিছুটা নিয়ন্ত্রিত থাকবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
