‘সামার দাভোস’-এর প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বৈশ্বিক নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশ

চীনের তালিয়ান (Dalian)-এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum)-এর ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এর প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।

বুধবার (২৪ জুন) সকালে তালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই প্ল্যানারি সেশন শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গি (Alois Zwinggi)।

এই উচ্চপর্যায়ের অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং (Li Qiang), দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন। তাদের সঙ্গে একই পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানিয়েছে, বৈঠকের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণও এসব আলোচনায় গুরুত্ব পায়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই বার্ষিক আয়োজন বিশ্বজুড়ে ‘সামার দাভোস’ নামে পরিচিত। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদেশের কোনো আন্তর্জাতিক ফোরামে এটি তারেক রহমানের প্রথম অংশগ্রহণ, যা কূটনৈতিক পরিমণ্ডলে বিশেষ গুরুত্ব বহন করছে।

মালয়েশিয়া সফর শেষে সোমবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে জোরালো অবস্থান তুলে ধরে শিল্পোন্নত দেশগুলোর প্রতি জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।”

তালিয়ানে অনুষ্ঠিত ‘সামার দাভোস’-এ অংশগ্রহণকারী সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং যে নৈশভোজের আয়োজন করেন, তাতেও অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বুধবার সকালে প্ল্যানারি সেশনে অংশগ্রহণের পর স্থানীয় সময় দুপুর ২টায় তালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং (Beijing)-এর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।