সেটে বলিউড অভিনেতা সালমান খানের উপস্থিতি পরিচালক আদিল এল আরবিকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দেয়। তাঁর মতে, উইল স্মিথের মতোই সালমান খানের মধ্যেও রয়েছে সহজাত তারকাসুলভ আচরণ, যা ক্যামেরার সামনে এলেই আরও স্পষ্ট হয়ে ওঠে।
শুক্রবার (২১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘৭ ডগস’। ছবিটিতে ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি।
মুক্তির আগে সম্প্রতি সিনেমাটির মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ এক সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। দুজনই ভাইজানের অভিনয় ও উপস্থিতির প্রশংসা করেছেন।
পরিচালক আদিল এল আরবি বলেন, সেটে সালমান খানের উপস্থিতি তাঁকে হলিউড তারকা উইল স্মিথের কথা পর্যন্ত মনে করিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, ক্যামেরা সালমানের দিকে তাক করলেই যেন কিছু ‘ম্যাজিক’ ঘটে যায়। মুহূর্তটি অদ্ভুতভাবে বদলে যায়।
আদিলের অভিজ্ঞতা অনুযায়ী, সালমান খুব দ্রুত বুঝে ফেলতে পারেন একটি দৃশ্যের জন্য ঠিক কী প্রয়োজন। সেই প্রয়োজন অনুযায়ী দৃশ্যটি নিখুঁতভাবে করার পরও নিজের মতো করে আরও অনেক কিছু যোগ করেন তিনি। আদিলের কাছে এই অভিজ্ঞতা অনেকটা কোনো অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গিয়ে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় সম্পর্কে নতুন করে শেখার মতো।
অন্য পরিচালক বিলাল ফালাহর অভিজ্ঞতাও অনেকটা একই রকম। তিনি জানান, শুটিংয়ের সময় সালমান অনেক ক্ষেত্রে এক-দুটি সংলাপ নিজের মতো করে যোগ করতেন। পরে সম্পাদনার সময় সেসব ছোট সংযোজনই নতুন করে পরিচালকদের নজরে আসত। বিলালের মতে, একটি ছোট মুহূর্তকেও স্মরণীয় করে তোলার বিশেষ ক্ষমতা রয়েছে সালমানের।
সালমান খান ও সঞ্জয় দত্তের মতো তারকার উপস্থিতির পাশাপাশি ‘৭ ডগস’ সিনেমাটির আরেকটি বড় দিক এর বিশাল নির্মাণ বাজেট। সিনেমাটির বাজেট প্রায় চার কোটি ডলার। আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবেও এটি আলোচনায় রয়েছে। সৌদি আরবের রিয়াদে ছবিটির বড় একটি অংশের শুটিং হয়েছে।
অ্যাকশননির্ভর এই সিনেমায় লড়াই, স্টান্ট ও বিস্ফোরণের দৃশ্যের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। বড় পরিসরের অ্যাকশনকে পর্দায় তুলে ধরতে নির্মাণে ব্যবহার করা হয়েছে ব্যাপক আয়োজন।
‘৭ ডগস’-এর বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম একটি বিস্ফোরণ, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। সিনেমায় দেখানো ওই বিস্ফোরণকে চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘বিস্ফোরণ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে সালমান খানের তারকাসুলভ উপস্থিতির পাশাপাশি বিশাল পরিসরের অ্যাকশন ও রেকর্ড গড়া দৃশ্যও সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।


