এলজিইডিতে ২৫৭ সহকারী প্রকৌশলীর গোপন পদোন্নতির পাঁয়তারা

উচ্চ আদালতের স্থিতাবস্থার মধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প থেকে বিধিবহির্ভূতভাবে রাজস্ব খাতে নিয়োগকৃত ২৫৭ সহকারী প্রকৌশলীকে গোপনে পদোন্নতি দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি এলজিইডি থেকে দুই দফায় মন্ত্রণালয়ে পদোন্নতির প্রস্তাব পাঠানো হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেন গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে দাপ্তরিক চিঠি পাঠান। চিঠিতে তিনি সাংগঠনিক কাঠামোভুক্ত ৫ম গ্রেডের নির্বাহী প্রকৌশলী বা সমমানের পদ চলতি দায়িত্বের মাধ্যমে পূরণের পক্ষে অবস্থান নেন।

চিঠিতে বলা হয়, এলজিইডির সাংগঠনিক কাঠামোতে রাজস্ব বাজেটভুক্ত নির্বাহী প্রকৌশলীর ১৬৮টি পদ রয়েছে, যার মধ্যে ১১৪টি শূন্য। উন্নয়ন বাজেটভুক্ত বিভিন্ন প্রকল্পে আরও ১১২টি পদ রয়েছে, যার মধ্যে ১৬টি পূর্ণ। সব মিলিয়ে বর্তমানে ২১০টি পদ শূন্য রয়েছে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, ‘ইতোপূর্বে ৩৩৩ জনের পদোন্নতি দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতা নিয়ে মামলা চলায় পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার কারণে চলতি দায়িত্ব প্রদানের মাধ্যমে পূরণ করা যেতে পারে।’ বঞ্চিত কর্মকর্তাদের মতে, প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রকল্প থেকে আসা বিতর্কিত কর্মকর্তাদের পদোন্নতি ও সমমর্যাদার পদে চলতি দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাহমুদ জাহেদী যুগান্তরকে জানান, সহকারী প্রকৌশলীদের পদোন্নতির বিষয়ে তিনি কিছু জানেন না। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো জবাব দেননি।