নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান (Shamim Osman)-কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে যমুনা টিভির ডিজাইন ব্যবহার করে দাবি করা হয়, ‘না ফেরার দেশে চলে গেছেন শামীম ওসমান’—যা পরে সম্পূর্ণ ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে।
ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার (Rumor Scanner)-এর অনুসন্ধানে জানা যায়, এমন কোনো ফটোকার্ড কখনোই প্রকাশ করেনি যমুনা টিভি (Jamuna TV)। বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংবাদমাধ্যমটির আদলে একটি নকল ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ব্যবহার করা হলেও সেটির সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে সংবাদমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজ ঘেঁটে এমন কোনো ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লিখিত দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া ফটোকার্ডটির নকশাগত দিক বিশ্লেষণ করে দেখা গেছে, যমুনা টিভির আসল ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে ভাইরাল হওয়া ফটোকার্ডটির ফন্টের স্পষ্ট অমিল রয়েছে, যা এর ভুয়া হওয়ার প্রমাণকে আরও জোরালো করে।
পাশাপাশি অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও শামীম ওসমানের মৃত্যুর দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে, তার মৃত্যু নিয়ে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
