যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে নির্ধারিত বৈঠকের আগে যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে হরমুজ প্রণালি আবারও খুলে দিতে পারে ইরান। বার্তা সংস্থা আল-জাজিরার বরাতে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বা সর্বোচ্চ শুক্রবারের মধ্যেই প্রণালিটি পুনরায় চালু করা হতে পারে—যদি যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়।
যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। এই প্রণালিটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এর বন্ধ হয়ে যাওয়া বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলেছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই তেহরান বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে। এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই ইরানি কর্মকর্তা আরও জানান, দেশের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই এই নৌপথ পুনরায় চালুর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ নিরাপত্তা ও কৌশলগত বিষয় বিবেচনায় রেখেই ধাপে ধাপে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।


