দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী (Moushumi)। সেখান থেকেই ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন তিনি। এই প্রজেক্টে তার বিপরীতে অভিনয় করার পাশাপাশি পরিচালনার দায়িত্বেও ছিলেন হাসান জাহাঙ্গীর (Hasan Jahangir)।
নির্মাণের শুরু থেকেই চটকদার শিরোনাম ঘিরে নেট দুনিয়ায় আলোচনা তৈরি হয়। তবে এবার বিষয়টি নতুন মোড় নেয়, যখন প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন ওমর সানী (Omar Sani)। রবিবার (৩ মে) ফেসবুক লাইভে এসে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।
লাইভে শোনানো হয় মৌসুমীর একটি ফোনালাপ, যেখানে তিনি সরাসরি অভিযোগ করেন—“নির্মাতা হাসান জাহাঙ্গীর আমার সঙ্গে প্রতারণা করেছেন।”
মৌসুমীর ভাষ্য অনুযায়ী, শুরুতে তাকে এক ঘণ্টার নাটকের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেটিকে টেলিফিল্মে রূপ দেওয়ার কথা জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তার অজান্তেই কাজটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়া হয় এবং সেন্সর বোর্ডের ছাড়পত্রও নেওয়া হয়। শুধু তাই নয়, ডাবিং এবং পারিশ্রমিক থেকেও তিনি বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।
এই পরিস্থিতিতে ওমর সানী জানিয়েছেন, বিষয়টির সমাধান না হলে তারা আইনি পথে হাঁটবেন। তার বক্তব্য, শিল্পীর সম্মান ও অধিকার রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর গল্পে তুলে ধরা হয়েছে প্রবাস জীবনের জটিল বাস্তবতা। চুক্তিভিত্তিক বিয়ে, যা অনেক সময় অস্থায়ী সম্পর্ক তৈরি করে এবং এর মধ্য দিয়ে প্রতারণা, সংকট ও মানসিক দ্বন্দ্বের চিত্র উঠে আসে—বিশেষ করে বিদেশে বসবাসরত কিছু নারীর জীবনের অভিজ্ঞতা এতে ফুটে উঠেছে।
জানা গেছে, আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর নিজেই। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল এর শুটিং। তখন নির্মাতা জানিয়েছিলেন, এটি একটি সাসপেন্স-থ্রিলারধর্মী গল্প, যেখানে মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন মৌসুমী।
গত মার্চে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’ সিনেমা।


