রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথম নির্বাচনী লড়াইতেই বিস্ময়কর সাফল্যের ইঙ্গিত দিচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে (TVK) বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে ঘিরে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৬টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (AIADMK) এগিয়ে রয়েছে ৭৮টি আসনে।
ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (DMK) বর্তমানে ৪৭টি আসনে এগিয়ে আছে। এছাড়া বাকি দুটি আসনে অন্য প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেই হিসেবে টিভিকে এখনো একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে। তবে এমন পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণে নতুন সম্ভাবনার কথাও আলোচনায় আসছে। বিশেষ করে, প্রয়োজন হলে এআইএডিএমকের সঙ্গে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


