আন্তর্দেশীয় মাদক চোরাচালান, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা এবং ক্রিকেট সহযোগিতাসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে দুই দিনের সফরে আজ শুক্রবার (৮ মে) ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি (Mohsin Raza Naqvi)। নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হওয়ায় কূটনৈতিক অঙ্গনেও সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সফর শেষে আগামী ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
এরই মধ্যে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ সরকারের কাছে সফররত মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। ৫ মে পাঠানো এক নোট ভারবালে এ অনুরোধ করা হয় বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, এবারের সফরের মূল গুরুত্ব থাকবে দক্ষিণ এশিয়াজুড়ে বিস্তৃত আন্তর্দেশীয় মাদক চোরাচালান চক্র, সন্ত্রাসী অর্থায়ন, সাইবারভিত্তিক উগ্রবাদ এবং সংঘবদ্ধ অপরাধ দমনের ওপর। বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান হয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাদক রুট নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।
বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলোতে ইয়াবা, হেরোইন ও আইসসহ বিভিন্ন মাদকের নতুন রুট ও নেটওয়ার্কের কারণে বাড়তি চাপে রয়েছে। ফলে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সন্দেহভাজন অপরাধীদের তথ্য আদান-প্রদান, পাচার রুট শনাক্তকরণ এবং যৌথ নজরদারি ব্যবস্থার বিষয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে।
এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথাও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা, অর্থপাচার এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ শনাক্ত করাও আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রিক্রুটমেন্ট, অর্থ সংগ্রহ ও গোপন যোগাযোগ এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রযুক্তিনির্ভর নজরদারি, সাইবার গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং সন্দেহজনক আর্থিক লেনদেন পর্যবেক্ষণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ নীতিগত ঐকমত্যে পৌঁছাতে পারে।
এছাড়া মানবপাচার, ভুয়া পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার এবং আন্তর্জাতিক অপরাধী চক্র দমনে যৌথ সমন্বয় ব্যবস্থাও আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)-এর সঙ্গে বৈঠক করবেন মহসিন রেজা নাকভি। সেখানে সন্ত্রাস দমন ও মাদকবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে সই করবেন দুই দেশের মন্ত্রীরা। পরে দুই দেশের প্রতিনিধি দল একই হোটেলে মধ্যাহ্নভোজে অংশ নেবে।
সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board-BCB)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্ট শুরুর সকালেই তার ঢাকায় পৌঁছানোর বিষয়টিকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহসিন রেজা নাকভি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board-PCB)-এর সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করছেন। ফলে সফরে ক্রিকেট সহযোগিতা ও ভবিষ্যৎ সিরিজ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছেন নাকভি। সফরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। পাশাপাশি মিরপুর টেস্ট উপভোগ করারও কথা রয়েছে তার।
৪৭ বছর বয়সী মহসিন রেজা নাকভি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে পিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। গত বছরের জুলাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি।
