অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী— আগামীকাল তামিলনাড়ুর ক্ষমতার শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তা, জোট আলোচনা আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানাপোড়েনের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় (Thalapathy Vijay)। আগামীকাল রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV)-র প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের দপ্তর লোকভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

এর আগে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। টানা পাঁচ দিনের রাজনৈতিক দৌড়ঝাঁপ, চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে একাধিক আলোচনার পর সরকার গঠনের পথ পুরোপুরি পরিষ্কার হয়। তামিল চলচ্চিত্রের সুপারস্টার থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা বিজয়ের এই যাত্রা এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

গত সোমবার তামিলনাড়ু (Tamil Nadu) বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে সবচেয়ে বেশি আসন পায় বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। দলটি ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসনে জয় পায়। থালাপতি বিজয় নিজেও দুটি আসনে জয়ী হন। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার থেকে কিছুটা পিছিয়ে ছিল তার দল।

শুক্রবার পর্যন্ত টিভিকের জোট সমর্থন ছিল ১১৬ আসনে। কিন্তু আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার পর চিত্র পাল্টে যায়। দুটি দলের দুটি করে মোট চারটি আসন যোগ হওয়ায় জোটের মোট আসন দাঁড়ায় ১২০-এ।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ভিসিকের সমর্থনপত্রে উল্লেখ করা হয়েছে— তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই তারা বিজয়কে সমর্থন দিয়েছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত সেই চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর আজ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই (এম)-এর সমর্থনপত্রও জমা দেন তিনি।

এদিকে সরকার গঠনের খবর নিশ্চিত হতেই টিভিকে সদর দপ্তরে শুরু হয় উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের উদ্দেশে থালাপতির সংক্ষিপ্ত বার্তা ছিল— ‘উল্লাস শুরু করো।’

ভারতের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া জোটের নেতা প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানালে রাজ্যপাল তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জানা গেছে, থালাপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তার নির্ধারিত কেরালা সফরও বাতিল করেছেন।

এদিকে থালাপতি বিজয় যেহেতু দুটি আসনে জয় পেয়েছেন, তাই নিয়ম অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে।

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো একাধিক দলের সমর্থনে এমন জোট সরকার গঠিত হতে যাচ্ছে, যা রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।