পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছেন রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।
শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। ৪ মে প্রকাশিত ফলাফলের পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবেও শনিবার শপথ নেন অগ্নিমিত্রা পাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শপথের পর বার্তাসংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেওয়া, কর্মীদের মারধর, ধ’\র্ষণ, পোড়ানো— সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। এখনো মনে হয় স্বপ্ন দেখছি।”
তিনি আরও বলেন, “শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এটিকে রক্ষা করেছি। এটা এখনো অবাস্তব মনে হয়।”
অগ্নিমিত্রা পালের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি আবারও বিভাজনমূলক রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছে।


