হামে আক্রান্ত শিশু নূর নাহারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

হামে আক্রান্ত ছয় মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (Ziaur Rahman Foundation)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুরভি (Surabhi)-এর অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman)।

তার নির্দেশে বুধবার বিকালে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল (Mohakhali Infectious Diseases Hospital)-এ যায় একটি প্রতিনিধি দল। আমরা বিএনপি পরিবার (Amra BNP Poribar)-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন (Moksedul Momin Mithun)-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে।

এ সময় তারা শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেন। প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেয়। একই সঙ্গে জানানো হয়, শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

‘হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’—এমন শিরোনামে একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বিএনপি পরিবারকে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির চিকিৎসা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।