দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং থালাপতি বিজয় (Thalapathy Vijay)-কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও সাবেক নার্স জুলি (Julie)। তিনি অভিযোগ করেছেন, বিজয় এবং তার রাজনৈতিক দল টিভিকে (TVK)-এর সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তাকে চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে, যার পরিণতিতে তিনি গর্ভপাতের শিকার হয়েছেন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি জানান, বিয়ের পর প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং তার স্বামীকে নিয়ে ধারাবাহিক কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ চলতে থাকে। তার দাবি, এসব মানহানিকর ও অপমানজনক মন্তব্যের কারণে তিনি গভীর মানসিক যন্ত্রণার মধ্যে পড়েন।
জুলির ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চলা এই মানসিক চাপই শেষ পর্যন্ত তার সন্তান হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।’
তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন যে, বিজয় সরাসরি কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তার অভিযোগ মূলত অভিনেতার সমর্থকদের বিরুদ্ধে। জুলির দাবি, সমর্থকদের লাগামহীন আচরণ এবং অনলাইন হয়রানি বন্ধে বিজয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এর আগেও বিষয়টি নিয়ে আইনি পথে এগিয়েছিলেন তিনি। গত মার্চ মাসে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন জুলি। অভিযোগপত্রে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় পড়ে।
এদিকে অভিযোগ দায়েরের পর নতুন করে তাকে ঘিরে নানা বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে কথিত ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সংক্রান্ত বিভিন্ন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। জুলির অভিযোগ, এসবই ছিল তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত অপপ্রচার।
তিনি আরও বলেন, সমর্থকদের সমালোচকদের পেছনে লাগিয়ে দেওয়ার পরিবর্তে একজন রাজনৈতিক নেতা হিসেবে বিজয়ের উচিত জনগণের কল্যাণে মনোযোগ দেওয়া।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় কিংবা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বলিউড লাইফ (Bollywood Life)


