‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ নিয়ে উমামা ফাতেমার পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা (Umama Fatema) নিজের ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা।’

বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক (Facebook) আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়।

উমামা তার পোস্টে লেখেন, “১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।”

তবে এই মন্তব্যের লক্ষ্য ঠিক কে বা কারা, কিংবা কোন প্রেক্ষাপট থেকে তিনি এমন পোস্ট দিয়েছেন—সে বিষয়ে উমামা ফাতেমা কোনো ব্যাখ্যা দেননি। ফলে পোস্টটির ভাষা ও ইঙ্গিত ঘিরে সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসছে।

উমামা ফাতেমার এই মন্তব্যকে কেউ চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন। আবার কেউ মনে করছেন, এর ভেতরে সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পরিচয় নির্মাণ এবং ‘জুলাই’ ঘিরে তৈরি হওয়া নানা দাবির প্রতি এক ধরনের ইঙ্গিত থাকতে পারে। তবে পোস্টে সরাসরি কোনো ব্যক্তি, দল বা পক্ষের নাম উল্লেখ না থাকায় এর অন্তর্নিহিত বার্তা নিয়ে আলোচনা আরও ছড়িয়ে পড়েছে।