ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei)-কে ঘিরে আয়োজিত শোকযাত্রায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে লক্ষ্য করে বিতর্কিত ও উসকানিমূলক ব্যানার বহন করতে দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, তেহরানের শোকমিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ‘কিল ট্রাম্প’ লেখা বড় বড় ব্যানার ও প্ল্যাকার্ড রয়েছে।
এসব ব্যানারে শুধু ট্রাম্পকে লক্ষ্য করে হু’\মকি সংবলিত বার্তাই ছিল না, প্রতীকীভাবে ‘ট্রাম্প’ শব্দটির মাঝখান দিয়ে একটি বুলেট অতিক্রম করার চিত্রও তুলে ধরা হয়েছে।
শোকযাত্রায় অংশ নেওয়া আরও অনেকের হাতে বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance), মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-এর ছবিও ছিল। এসব পোস্টারে ‘There Will Be Blood’ লেখা ব্যবহার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নি’\হত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে তেহরানে ব্যাপক আয়োজন শুরু হয়।
প্রথমে গ্র্যান্ড মোসাল্লা মসজিদে তার কফিন রাখা হয়, যেখানে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি অতিথিরা শ্রদ্ধা জানান। পরদিন সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদের সব প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।
রোববার তেহরানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সোমবার রাজধানীর প্রধান প্রধান সড়কে শোকযাত্রা বের করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। এরপর বুধবার শোকানুষ্ঠান সীমান্ত অতিক্রম করে ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ বৃহস্পতিবার খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
সূত্র: আলজাজিরা


