বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রযোজক দিল রাজুর সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাওয়া সালমানের এই প্যান-ইন্ডিয়া সিনেমার নাম ‘মনস্টার’ রাখা হয়েছে বলে জানিয়েছে ফিল্মফেয়ার। সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি, তবে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বড় পরিসরে নির্মিতব্য সিনেমাটির নাম ইতোমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন নির্মাতারা। ঈদ ২০২৭ উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সালমান খান ও দিল রাজুর প্রথম যৌথ কাজ হওয়ায় এবং প্যান-ইন্ডিয়া পরিসরে সিনেমাটি নির্মিত হওয়ায় শুরু থেকেই এটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটির অ্যাকশন দৃশ্য নিয়েও বেশ সক্রিয় রয়েছেন সালমান। সম্প্রতি শুটিংয়ে ব্যবহৃত তাঁর বডি ডাবল হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। সেই ঘটনার পর সিনেমার স্টান্ট ও অ্যাকশন দৃশ্যের শুটিং আরও সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্র ‘ফিল্মফেয়ার’-কে জানিয়েছে, ‘সালমান এখন পুরোপুরি কাজের সঙ্গে যুক্ত। তিনি কোনোভাবেই শুটিংয়ের গতি থেমে যাক, তা চান না।’
সিনেমার নাম ঘোষণার সঙ্গে প্রথম পোস্টার কিংবা ফার্স্ট লুকও প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। তবে এসব বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘মনস্টার’-এ প্রথমবারের মতো জুটি বাঁধছেন সালমান খান ও নয়নতারা। একই সঙ্গে প্রযোজক দিল রাজুর সঙ্গেও এটি সালমানের প্রথম কাজ। ফলে সিনেমাটিকে আগামী বছরের অন্যতম আলোচিত প্যান-ইন্ডিয়া প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।
এদিকে নতুন সিনেমার ব্যস্ততার পাশাপাশি সালমান খানের সামনে রয়েছে আরও একটি বড় দায়িত্ব। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের ভূমিকায় আবারও ফিরছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনুষ্ঠানটির নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি


