সালমান-নয়নতারা জুটির ‘মনস্টার’-এ দুই বাঙালি অভিনেতা, বাড়ছে নতুন চমকের আভাস

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান (Salman Khan) ও দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী নয়নতারা (Nayanthara)-র বহু প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘মনস্টার’ ঘিরে আলোচনা যত বাড়ছে, ততই দর্শকের কৌতূহলও তুঙ্গে উঠছে। পর্দায় এই নতুন জুটিকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা। এর মধ্যেই সামনে এলো নতুন খবর—সিনেমাটিতে যুক্ত হয়েছেন দুই বাঙালি অভিনেতা। মুম্বাইয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ‘মনস্টার’-এর শুটিং।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটিতে দেখা যেতে পারে বাঙালি অভিনেতা রণিত রায় (Ronit Roy) ও সীমা বিশ্বাস (Seema Biswas)-কে। দুজনকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তবে তাদের চরিত্রের ধরন একে অপরের থেকে একেবারেই আলাদা।

রণিত রায়কে সিনেমায় ইতিবাচক একটি চরিত্রে দেখা যাবে। গল্পের গতিপথে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে বলেই খবর। অন্যদিকে সীমা বিশ্বাসের চরিত্রটি কী ধরনের, তা নিয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা। তার চরিত্র ঘিরে সিনেমায় বিশেষ কিছু চমক রাখা হয়েছে বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‘মনস্টার’-এ সালমান খানকেও দর্শক দেখবেন একেবারে ভিন্ন ধরনের অ্যাকশন অবতারে। পরিচিত আবহের বাইরে গিয়ে তাকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। একই সঙ্গে নয়নতারার চরিত্রটিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ এবং তার ভূমিকাতেও থাকবে অ্যাকশনের জোরালো উপস্থিতি।

আপাতত নির্মাতাদের মূল লক্ষ্য মুম্বাই পর্বের শুটিং শেষ করা। সেই কাজ সম্পন্ন হওয়ার পর আগামী অক্টোবরে বিদেশে স্বল্প সময়ের একটি শুটিং পর্ব হওয়ার কথা রয়েছে। অর্থাৎ দেশীয় পর্বের পাশাপাশি সিনেমার কিছু অংশের দৃশ্যায়ন হবে দেশের বাইরেও।

এদিকে সালমান খানকে দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরতে ‘মনস্টার’-এর অ্যাকশন দৃশ্য ও সামগ্রিক দৃশ্যায়ন নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। সিনেমার কাজ এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে, তাতে সন্তুষ্ট সালমান নিজেও। ইতোমধ্যে তৈরি হওয়া বিষয়বস্তু নিয়েও তিনি যথেষ্ট উৎসাহী বলে জানা গেছে।

সালমান খান ও নয়নতারা ছাড়াও ‘মনস্টার’-এ অভিনয় করছেন অরবিন্দ স্বামী (Arvind Swamy), জ্যাকি শ্রফ (Jackie Shroff), অভিমন্যু সিং ও রাহুল দেবসহ একাধিক পরিচিত মুখ। ফলে তারকাবহুল অভিনয়শিল্পীদের সমন্বয়ে সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ আরও বাড়ছে।

সিনেমাটির মুক্তির পরিকল্পনায় আপাতত কোনো পরিবর্তন আসেনি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খান ও নয়নতারা অভিনীত বহুল আলোচিত অ্যাকশন সিনেমা ‘মনস্টার’।