আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের নানা অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। খবর রয়টার্সের।
২০২৪ সালে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পান সায়মা ওয়াজেদ। তবে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করে। এর মধ্যে ছিল চীন সফরের খরচে জালিয়াতি, ভুয়া শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া এবং অনিয়মের মাধ্যমে জমি বাগিয়ে নেওয়ার অভিযোগ। এসব অভিযোগের তদন্তের মধ্যে গত জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।
তবে শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন সায়মা ওয়াজেদ। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকার কারণে সংস্থাটির প্রধানের প্রতি তিনি সব আস্থা হারিয়ে ফেলেছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আর্থিক টানাপোড়েনের কারণে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ অভিযোগগুলোর পাশাপাশি দায়িত্ব পালনের পরিবেশ এবং বেতন না পাওয়ার বিষয়টিও তার পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদে নতুন কাউকে নির্বাচিত করা হবে।
