আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান (Pritom Hasan) এবং দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury) জুটির প্রথম সিরিজ ‘ক্যাকটাস’। সফল নির্মাতা শিহাব শাহীন (Shihab Shaheen) এটি নির্মাণ করেছেন।
৪ মার্চ দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে। সামাজিক মাধ্যমে টিজার ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, ‘চরকির কাজ অলটাইম ফেভারিট’, কেউ বলেছেন, ‘মেহজাবীন আপুকে এতদিন ফলো করাটা বৃথা গেল না, প্রীতম ভাই সব দিকেই সেরা।’ আবার কেউ সংক্ষেপেই লিখেছেন—‘ওরে কড়া’।
চরকি (Chorki) অরিজিনাল এই সিরিজটির টাইটেল স্পন্সর ‘নোরিক্স–১’। পাওয়ার্ড বাই মিনিসো এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক।
সিরিজ ‘ক্যাকটাস’-এ প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে দেখা গেছে কয়েদি হিসেবেও—যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে এক বিশেষ পরিস্থিতিতে তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায় রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।
সিরিজে ‘মানসিভ’ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। এই চরিত্রের ভেতরে একাধিক পরিবর্তনের স্তর রয়েছে বলে জানান তিনি। প্রীতম বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, এর একটা জার্নি আছে। আমার সঙ্গে দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন বলে আশা করি। মানসিভ হ্যাকার হলেও তার কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণভাবে সিরিজটি নির্মাণ করেছেন।’
এই অভিযানের মধ্যেই মানসিভের দেখা হয় অনুরা নামের এক চরিত্রের সঙ্গে। এ ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে তাকে দেখা গেছে একেবারে নতুন অবতারে—অ্যাকশন লুকে এবং একাধিক অ্যাকশন দৃশ্যে।
মেহজাবীনের এই রূপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে গল্পে তিনি যোগ করেছেন ভিন্ন মাত্রা।
মেহজাবীন চৌধুরী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। চরিত্রটি আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছিল, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।’
শুটিংয়ের আগে তিনি বলেছিলেন, এবার এমন কিছু করতে যাচ্ছেন যা আগে করেননি। সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘পর্দায় এমন কিছু করতে পেরেছি যা আগে কখনও করিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে—তারাই বলবেন আমরা কেমন করতে পেরেছি।’
চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর এবং রেজওয়ান কবির। চিত্রনাট্যও করেছেন শিহাব শাহীন।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু এবং সানজিদা তাসনীম। সিরিজটির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।


